যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য বেগম নাসিমা ফেরদৌসীর এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।
একই প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা সমুন্নত রেখে বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন একটি সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। ফলে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রাজাকার, আলবদর ও আলশামসের একটি তালিকা প্রণয়ন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
এছাড়া নারী সাংসদ উম্মে রাজিয়া কাজলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, স্বাধীনতাবিরোধী রাজাকার, আলবদর ও আলশামসদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশের জন্য ঢাকায় কেন্দ্রীয়ভাবে একটি ঘৃণা স্তম্ভ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে খসড়া নকশা প্রণয়ন করা হয়েছে।
অনলাইন ডেস্ক, বিডি টাইম্স নিউজ





























