যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে ব্রিটিশ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, তেলের দাম বৃদ্ধির কারণে যুক্তরাজ্যের অনেক প্রতিষ্ঠানের জ্বালানি বিল ৮০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় দ্বিগুণ হারে বেড়েছে। এর ফলশ্রুতিতে ব্রিটিশ ব্যবসায়ীরা জ্বালানি ব্যয়ের নাটকীয় বৃদ্ধির মুখে পড়তে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ নৌপথে বিঘ্ন ঘটায় গ্যাস সরবরাহেও প্রভাব পড়ছে, যা বিল বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা।

জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান কর্নওয়াল ইনসাইট জানিয়েছে, এপ্রিল মাসটি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষভাবে চ্যালেঞ্জিং হতে পারে। এ সময় চুক্তি নবায়নের চাপের পাশাপাশি পাইকারি মূল্যের হঠাৎ বৃদ্ধি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারির শেষদিকে সংঘাত শুরু হওয়ার পর থেকে বিদ্যুতের খরচ ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে। অন্যদিকে গ্যাসের দাম ২৫ থেকে ৮০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা ব্যবসায়ীদের ওপর বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করছে। সাধারণ পরিবারের মতো ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য জ্বালানি খাতে কোনো মূল্যসীমা নির্ধারিত নেই, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। কর্নওয়াল ইনসাইটের হিসাব অনুযায়ী, একটি সাধারণ ১২ মাসের বিদ্যুৎ চুক্তির গড় মূল্য বর্তমানে ৫ লাখ ৭৮ হাজার পাউন্ডে পৌঁছেছে, যা ফেব্রুয়ারির শুরু থেকে প্রায় ২০ শতাংশ বেশি।

অন্যদিকে গ্যাসের বার্ষিক বিল আরও দ্রুতগতিতে বেড়ে গড়ে ১০ লাখ ২০ হাজার পাউন্ড ছাড়িয়ে গেছে, যা প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। বিশেষজ্ঞরা বলছেন, ঐতিহ্যগতভাবে এপ্রিল মাসেই অনেক প্রতিষ্ঠান তাদের নির্দিষ্ট মূল্যের চুক্তি থেকে বেরিয়ে আসে। ঠিক এই সময়েই বাজারের অস্থিরতার কারণে সরবরাহকারীরা তুলনামূলক সাশ্রয়ী চুক্তি প্রত্যাহার করে এবং নতুন ট্যারিফ বাড়িয়ে দেয়, যা ব্যবসায়ীদের জন্য পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। এ বিষয়ে কর্নওয়াল ইনসাইটের জ্বালানি ব্যবহারকারী বিষয়ক প্রধান জ্যাকব ব্রিগস বলেন, “মাসের শুরু থেকেই ব্যবসায়িক জ্বালানি বিলের পূর্বাভাস উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনেক প্রতিষ্ঠান আগেই কম মুনাফার মধ্যে টিকে থাকার লড়াই করছে, তাই এই বাড়তি খরচ সামাল দেওয়া তাদের জন্য সহজ হবে না।”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে