সংবিধানে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বহুল আলোচিত এই মামলার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান।
রবিবার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। গত বছরের ২০ নভেম্বর সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছিলেন। ৭৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেন, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে। তবে বর্তমান সংসদ চাইলে এই ব্যবস্থার সংযোজন কিংবা বিয়োজন করতে পারবে বলে জানান আইনজীবীরা।
এদিকে বিএনপির আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, এই রায় কোনো দলের নয়, পুরো জাতির জন্য মাইলফলক। আইনজীবীরা মত প্রকাশ করেন, আগের প্রধান বিচারপতি খায়রুল হক রাজনীতির ফায়দা লুটতে তত্ত্বাবধায়ক বাতিল করে দেশের গণতন্ত্র ধ্বংস করেছিলেন। এর আগে, ২০২৫ সালের ২০ নভেম্বর তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দেওয়া এই রায় দেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ।

























