মধ্যপ্রাচ্যে বিরাজমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষটি আসন্ন পবিত্র ঈদের ছুটিতেও সার্বক্ষণিক চালু থাকবে। বুধবার (১৮ মার্চ) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রোজলিন শহীদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার (২৪ মার্চ) পর্যন্ত সপ্তাহজুড়ে ২৪ ঘণ্টা এই নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম পরিচালনার জন্য ৩টি শিফটে মোট ২০ জন কর্মকর্তা এবং ২৪ জন কর্মচারী পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনের ৭ম তলায় (প্রবাসী কল সেন্টার) এই নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। সেবাপ্রার্থীরা যেকোনো প্রয়োজনে দেশ থেকে টোল-ফ্রি হটলাইন নম্বর ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

মন্ত্রণালয়ের অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এছাড়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।

আদেশে নিয়ন্ত্রণ কক্ষের কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, দায়িত্ব পালনকারী কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ উইংগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করবেন এবং নির্ধারিত ছক মোতাবেক তথ্য সংগ্রহ করে ফোকাল পয়েন্ট কর্মকর্তার নিকট জমা প্রদান করবেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসীদের সর্বোচ্চ সহযোগিতা ও কল্যাণ নিশ্চিত করতে গত ১০ মার্চ থেকে এই নিয়ন্ত্রণ কক্ষটি চালু করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে