শহিদুল ইসলাম দইচ, যশোর প্রতিনিধিঃ যশোরে গ্যাস লিকেজ থেকে বাসে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা। শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর দাইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যশোর সদর উপজেলার ফতেপুর দাইতলা এলাকায় গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও চালক ও যাত্রীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসটি যাত্রা শুরুর আগেই গ্যাস পাইপলাইনে লিকেজ ধরা পড়ে। প্রাথমিকভাবে সেটি মেরামত করে বাসটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তবে সদর উপজেলার দাইতলা এলাকায় পৌঁছালে আবারও পাইপলাইনে সমস্যা দেখা দেয় এবং মুহূর্তের মধ্যেই বাসে আগুন ধরে যায়। আগুন দ্রুত বাসের ভেতরে ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা দরজা ও জানালা দিয়ে দ্রুত বেরিয়ে আসেন। ফলে বাসে থাকা যাত্রী ও শ্রমিকরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, চোখের পলকেই বাসটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

যশোর ফায়ার সার্ভিসের সাব-অফিসার মুজিবুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি ও গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে