চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা তারেক রহমানকে অভিনন্দনবার্তা দিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় চীনের দূতাবাস তাদের ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করে।লি কিয়াং অভিনন্দনবার্তায় বলেন, চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ প্রতিবেশী ও দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫১ বছরে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও লাভজনক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন হয়েছে যা রাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ বিনিময়ের এক উৎকৃষ্ট উদাহরণ। তিনি বলেন, চীন সরকার নতুন সরকারের কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার প্রতি সমর্থন জানায় এবং তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া তিনি দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও এগিয়ে নেওয়া, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদার করা, এবং বিভিন্ন খাতে বিনিময় বাড়ানোর মাধ্যমে চীন–বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্বকে নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান জানান। লি কিয়াং বলেন, এর মাধ্যমে দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুফল বয়ে আনা যাবে, যা উভয় দেশের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ হবে। নিউজরুম। বিডি টাইমস নিউজ ।



























