যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে ব্যর্থ আশ্রয়প্রার্থীদের স্বেচ্ছায় দেশ ছাড়তে আর্থিক প্রণোদনা দেওয়ার নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন শাবানা মাহমুদ।

নতুন পাইলট প্রকল্পের আওতায় যেসব আশ্রয়প্রার্থীর আবেদন প্রত্যাখ্যাত হবে, তাদের স্বেচ্ছায় যুক্তরাজ্য ত্যাগ করতে উৎসাহ দিতে জনপ্রতি সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড এবং একটি পরিবারকে সর্বোচ্চ ৪০ হাজার পাউন্ড পর্যন্ত “ইনক্রিজড ইনসেনটিভ পেমেন্ট” দেওয়া হবে। এই পাইলট স্কিমে প্রাথমিকভাবে প্রায় ১৫০টি পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সরকার জানিয়েছে, আদালতের চূড়ান্ত সিদ্ধান্তে আবেদনকারীর বিপক্ষে রায় এলে তাদের যুক্তরাজ্য থেকে অপসারণের আগে এই অর্থ প্রদান করা হবে। অপসারণের আগে পরিবারগুলোকে সাত দিনের মধ্যে এই আর্থিক সহায়তার জন্য আবেদন করার সুযোগ দেওয়া হবে। এক বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ বলেন, অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ন্যায়সংগত ব্যবস্থা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, সরকার বিষয়টি দৃঢ়তার সঙ্গে দেখছে এবং সংস্কারগুলো “লেবার পার্টির মূল্যবোধ” অনুসারেই পরিচালিত হবে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, যেসব আশ্রয়প্রার্থী আইন ভঙ্গ করবেন, অবৈধভাবে কাজ করবেন বা আর্থিকভাবে স্বাবলম্বী বলে প্রমাণিত হবেন, তারা সরকারি অর্থায়নে আবাসন সুবিধা হারাবেন। কেবল বৈধভাবে আবেদন করা এবং নিয়ম মেনে চলা আশ্রয়প্রার্থীরাই সরকারি সহায়তা পাবেন। এছাড়া অভিবাসন নীতির অংশ হিসেবে স্থায়ীভাবে বসবাস করতে আগ্রহীদের জন্য ইংরেজি ভাষা পরীক্ষার মান আরও কঠোর করা হবে। একই সঙ্গে এক বছর বা তার বেশি মেয়াদের স্থগিত সাজাপ্রাপ্ত বিদেশি নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

বৃটিশ হোম অফিস জানিয়েছে, গত বছর আশ্রয়প্রার্থীদের সহায়তায় যুক্তরাজ্যের প্রায় ৪ বিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে। ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ৭ হাজারের বেশি মানুষ আশ্রয় সহায়তা পেয়েছেন, যার মধ্যে প্রায় ৩০ হাজার মানুষ প্রায় ২০০টি হোটেলে অবস্থান করছিলেন। এসব হোটেলে অবৈধ অভিবাসীদের থাকার বিষয়টি নিয়ে গত বছর যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভও দেখা যায়।

সরকারের দাবি, এই সংস্কারের লক্ষ্য হলো যুক্তরাজ্যকে অবৈধ অভিবাসীদের জন্য সহজ গন্তব্যে পরিণত হওয়া থেকে রক্ষা করা এবং অভিবাসন ব্যবস্থাকে আরও কঠোর ও কার্যকর করা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে