আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নানা আয়োজন আর উৎসব মুখর পরিবেশে নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। নওগাঁ শহরের এটিম মাঠে যেখানে বঙ্গবন্ধু জনসভা করে ছিলেন সেই ঐতিহাসিক ময়দানে বিশাল মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করে সেখানে দিনব্যাপী চলে নানা আয়োজন। দিবসের শুরুতে সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ। পরে একে একে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সাবেক এম,পি জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেকের নেতৃত্বে আওয়ামীলীগ,জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন, খাদ্য বিভাগ, চেম্বার অব কমার্স, জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান।
এছাড়াও জেলা প্রশাসনের আয়োজনে দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ এটিম মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকল মসজিদ বিশেষ মোনাজাত ও গীর্জায় প্রার্থনা, মুজিববর্ষের কেন্দ্রীয় অনুষ্ঠান এলইডি স্কিন ও প্রজেক্টের মাধ্যমে সরাসরি সম্প্রচার, হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, এতিমখানা, দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মিষ্টান্ন বিতরন ও উন্নতমানের খাবারের আয়োজন, স্বাধীনতা ও বঙ্গবন্ধুর উপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। এদিকে, জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিটি নিরবতা, কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা আওয়ামীলেিগর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শহরের দপ্তরীপাড়া আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা মিলনাতনে বঙ্গবন্ধুর মাগফিরাত কামনা করে কুরআনখানী,আলোচনাসভা ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ রেদুয়ানুল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ হারুন অর রশীদ,ইফার উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা,মাওলানা মোঃ মাহমুদুল্লাহ,ফিল্ড অফিসার আকবর হোসেন ও লাইব্রেরীয়ান মোঃ ইউনুছ আলী। শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























