রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে পৌর নির্বাচনকে কেন্দ্র করে নৌকা এবং লাঙ্গল মার্কার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময়  নৌকা প্রতীকের পুরুষ কর্মীদের হামলায় ৪ নারী কর্মী আহত হয়েছে হয়েছে বলে লাঙ্গল প্রতীকের কর্মীরা অভিযোগ করেছে । ঘটনাটি ঘটেছে  বুধবার (১৩ জানুয়ারী) বিকাল ৫ টায় শহরের ১১ নং ওয়ার্ডের নতুন বাবুপাড়া ইসমাইল রোড এলাকায়। আহতরা হলেন, নতুন বাবুপাড়ার মোঃ ওমর ফারুকের স্ত্রী রিনা আক্তার (২০), মোঃ সাকিলের মেয়ে সাবা (১৮), মোঃ নাসিমের মেয়ে রোকসানা (৩৫) ও শাহাদতের মেয়ে স্বপ্না (২০)। তবে  তার কোন কর্মী সমর্থক হামলার ঘটানা ঘটায়নি বলে দাবি নৌকা প্রতীকের  প্রার্থীর।

আহতরা অভিযোগ করে জানান, তারা ঘটনার সময় ওই এলাকায় লাঙ্গল মার্কার হ্যান্ডবিল নিয়ে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট চাচ্ছিল। এরই মধ্যে এলাকার সাইদুর রহমান নামে এক আওয়ামীলীগ কর্মী সঙ্গীয় কয়েকজনকে নিয়ে উপস্থিত হয়ে আমাদের হাত থেকে লাঙ্গল মার্কার হ্যান্ড বিল কেড়ে নিয়ে ড্রেনে ফেলে দেয়। এর প্রতিবাদ করায় পুরুষরা হঠাৎ আমাদের (মেয়েদের) হাত ধরে মুচড়ে মটকে দেয়। এতে হাত ছাড়াতে গিয়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কা ধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে পুরুষদের ধাক্কায় ২ জন রাস্তার উপর আছড়ে পড়ে এবং মাথায়, হাতে ও পায়ে আঘাতপ্রাপ্ত হয়

ঘটনার প্রেক্ষিতে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক তাৎক্ষনিক উপস্থিত সংবাদকর্মীদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, লাঙ্গলের বিজয় নিশ্চিত বুঝতে পেরে প্রতিপক্ষরা দিশেহারা হয়ে গেছে। তাই তারা গত কয়েকদিন যাবত নানাভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। গতকাল থেকে তারা বিভিন্ন স্থানে লাঙ্গলের পোস্টার ছিড়ে ফেলেছে। মাইকিংয়ের রিক্সা ঘুরিয়ে দিয়েছে। আজ তারা আমার মহিলা কর্মীদের উপর হাত তুলেছে। আমি এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

তিনি বলেন, আমি আশাবাদি সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিজয়ী হবই। একারণে তারা আতঙ্কিত হয়ে নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এমনভাবে বাধা দেয়ায় আমি সুষ্ঠু নির্বাচন নিয়ে সঙ্কিত। যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে গণতন্ত্র ফিরে আসবেনা। সৈয়দপুরবাসীর ভাগ্যের উন্নয়ন হবেনা। নৌকার প্রার্থী রাফিকা আকতার  জাহান বেবী জানান,লাঙ্গল প্রতীকের প্রার্থী পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তিনি আরও বলেন  অর্থের জোরে লাঙ্গল প্রতীকের ওই  প্রার্থী দিনকে রাত আর রাতকে দিন করতে চাচ্ছেন।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে