কুষ্টিয়া পৌরসভার বারংবার নির্বাচিত মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জননেতা আনোয়ার আলী বলেছেন, দীর্ঘ ২৬ বছর কুষ্টিয়া পৌরসভার চেয়ারম্যান ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি। আপনারা আমাকে ভোট দিয়ে বারংবার নির্বাচিত করে আপনাদের যে আমান আমাকে দিয়েছেন আমি সেই আমানতের খেয়ানত করেনি। তার পরেও বলবো, যদি কোন ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন। তিনি বলেন, অনেক ক্ষেত্রে আমাকে অনিয়ম করতে হয়েছে কিন্তু কোন প্রকার দুর্নীতি আমি করেনি। আমি কোন অন্যায়ের কাছে মাথানত করেনি। মেয়র বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি। নতুন জীবন পেয়েছি। আমি কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি, এবারও দেবনা। তিনি বলেন, কুষ্টিয়া পৌরসভার উন্নয়নমুলক কাজ আমি শুরু করেছিলাম, আমিই শেষ করে যেতে চাই। এজন্য আপনাদের প্রতি অনুরোধ রাখবো, আপনারা আমাকে শেষবারের মতো ভোট দিয়ে নির্বাচিত করবেন। কারণ এটাই হয়তো আমার শেষ নির্বাচন।
গতকাল শুক্রবার বিকেলে কুষ্টিয়া পৌর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আদর্শপাড়ায় নৌকার নির্বাচনী সভায় আনোয়ার আলী এসব কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী বলেন, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আনোয়ার আলী আমাদের রাজনৈতিক শিক্ষা-দিক্ষা দিয়েছেন। পাকিস্তান আমল থেকে আজ পর্যন্ত কোন আন্দোলনে তিনি জনগণের সাথে বেঈমানি করেননি। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে আমাদেরকে একত্রিত করে মহান মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্বে দিয়েছেন। তিনি কখনো কোন অন্যায়ের সাথে জড়িত থাকেননি এবং কোন অন্যায়ের কাছে মাথানত করেননি।

তিনি বলেন, আমাদের সকলের মুরুব্বি জননেতা আনোয়ার আলী একজন দক্ষ ও পরীক্ষিত জনপ্রতিনিধি। তিনি দায়িত্ব পালনকালে যদি আপনাদের কাছে মনে হয় কোন ভুল করেছে তাহলে আমি তাঁর পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা তাঁর সকল ভুল-ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী ১৬ জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আনোয়ার আলীকে মেয়র নির্বাচিত করার অনুরোধ জানান আজগর আলী।
৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান গণির সভাপতিত্বে এবং ছাত্রলীগের সাবেক নেতা শেখ মোঃ সুবিন আক্তারের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. দেওয়ান মাসুদ করিম মিঠু, আওয়ামী লীগ নেতা কাইয়ুম নাজার, মাসুদুর রহমান তোতা, আব্দুল লতিফ প্রামানিক, সাহেব আলী ও আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
এছাড়াও রাতে মোল্লাতেঘরিয়ায় আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান মন্টুর সভাপতিত্বে এবং মোঃ শাহিনুর রহমান লেবুর পরিচালনায় অনুষ্ঠিত নৌকায় নির্বাচনী সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার আলী, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোমিন মন্ডল, যুবলীগ নেতা প্রভাষক শহিদুল ইসলাম, ২১ নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক জালাল উদ্দিন জোয়ার্দ্দার।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























