জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে জেলা ছাত্র অধিকার পরিষদের সদস্যরা ধাওয়া ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁদের দাবি, তাঁদের পাঁচ সদস্য আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে জেলা শহরের ফারুকী পার্কের স্মৃতিসৌধ এলাকায় এ ঘটনা ঘটে।

ছাত্র অধিকার পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া অভিযোগ করেন, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গেলে ছাত্রলীগ নেতারা বাধা দেন। পরে তাঁদের কথামতো পরিষদের ৪-৫ জন স্মৃতিসৌধে ফুল দেন। ফুল দিয়ে বের হওয়ার সময় ছাত্রলীগের নেতা–কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এতে জেলা কমিটির সভাপতি আশরাফুল হাসানসহ অন্তত পাঁচজন আহত হন বলে তিনি দাবি করেন।

অভিযোগের বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেনের ভাষ্য, ছাত্র অধিকার পরিষদ নিজেদের ব্যানারে ছাত্রশিবিরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। ছাত্র অধিকার পরিষদের ব্যানারে সকালে ফুল দিতে এলে শিবিরের নেতা–কর্মীদের স্থানীয় লোকজন বাধা দেন। পরে স্থানীয় ব্যক্তিদের ধাওয়ায় তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে ছাত্র অধিকার পরিষদের কোনো ঝামেলা হয়নি।

শিবিরের নেতা–কর্মী নিয়ে স্মৃতিসৌধে ফুল দেওয়ার বিষয়ে ছাত্রলীগের অভিযোগ অস্বীকার করেন ছাত্র অধিকার পরিষদের নেতা জুয়েল মিয়া। তিনি দাবি করেন, তাঁদের সঙ্গে শিবিরের কেউ ছিল না। তবে মাদ্রাসার ছাত্র ছিল।
সদর থানার পরিদর্শক ইশতিয়াক আহমেদ বলেন, স্মৃতিসৌধের ভেতরে কোনো কিছু হয়নি। বাইরে কিছু হয়েছে কি না, তা তাঁর জানা নেই।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে