প্রিতম মজুমদার, কুষ্টিয়া।। জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু,এমপি বুধবার সকালে কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে নির্মানাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় কুষ্টিয়া জেলা জাসদ আয়োজিত এক তাৎক্ষণিক প্রতিবাদী সমাবেশে তিনি বলেন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনা সমগ্র জাতিকে চরমভাবে ক্ষূব্ধ ও ব্যথিত করেছে।
ভাস্কর্য ভাংচুরকারী ও উস্কানীদাতারা রাষ্ট্রদ্রোহী। তাদের সর্বোচ্চ শাস্তি পেতেই হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য, জাতীয় ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধে মীমাংসিত সংবিধানের যেকোনো বিষয়ে ছাড় দেয়ার কোন সুযোগ নেই। তিনি আরও বলেন যেই রাজনৈতিক মোল্লারা ও রাজাকাররা ধর্মের নামে স্বাধীনতার বিরোধিতা করে ৩০ লক্ষ মানুষ হত্যা করেছে, লক্ষ লক্ষ মা-বোনকে ধর্ষণ করেছে, সেই রাজনৈতিক মোল্লা, রাজাকারদের কাছে ধর্মের ইজারা দেয়া হয়নি। বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে। ধর্মের নামে সহিংসতা ও সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রুখে দেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান আলী, জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসীন, সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন, সহ-সভাপতি আহম্মদ আলী, প্রচার সম্পাদক কারশেদ আলম, দপ্তর সম্পাদক এ্যাড. জয়দেব বিশ্বাস, জ্যোতি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দা হাবিবা প্রমুখ। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ




























