প্রিতম মজুমদার, কুষ্টিয়া ।। কুষ্টিয়ার মিরপুরে আব্দুর রাফেত বিশ্বাস কলেজের চারতলা বিশিষ্ট নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু এ ভবনের উদ্বোধন করেন। পরে কলেজ অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে বদ্ধপরিকর।
শিক্ষার আলো প্রতিটি শিশুর মধ্যে ছড়িয়ে দেয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন, শিক্ষা মানুষকে আলোকিত করে। যে জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতি তত বেশি উন্নত। তাই দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে শিক্ষিত জাতি গঠনের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদেরকে সৎ যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি ঘরে ঘরে উন্নয়নের সুফল পৌঁছে দিতে লুটেরা, দলবাজ, গুন্ডা, দূর্নীতিবাজ চক্র, ধর্ষকবাহিনী আর বাজার সিন্ডিকেট ধ্বংসের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করে বৈষম্য হ্রাসের আহবান জানান।
কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা অধিদপ্তরের কুষ্টিয়া জোনের নির্বাহী প্রকৌশলী জাহিদুল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রকিবুল হাসান, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, আহাম্মদ আলী। কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক কবির হোসেন ও গণিত বিভাগের প্রভাষক রুবায়েত হোসেনের যৌথ পরিচালনায় এ সময়ে মীর আব্দুল করিম কলেজের অধ্যক্ষ আহসান-উল-হক খান চৌধুরী, জাসদ নেতা আব্দুল জলিল, ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ




























