ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ বালু মহালে অভিযান চালিয়ে চারটি ড্রেজার মেশিন ও উত্তোলিত কয়েক হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ অক্টোবর) বিকালে উপজেলার পূর্ব ধর্মপুর এলাকায় সর্তা খাল থেকে অবৈধভাবে বালু তোলার সময় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ সায়েদুল আরেফিন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ উমর ফারুক।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি প্রশাসনকে ফাঁকি দিয়ে সর্তা খাল থেকে মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে আসছিল। আজকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে তারা পালিয়ে যায়। এ সময় চারটি ড্রেজার মেশিন ও কয়েক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু তোলার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ফটিকছড়ি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























