জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১’টায় ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতু টোলপ্লাজা গোলচত্বর এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে আশার আলো নারী উন্নয়ন সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের আটটি ব্যানারে এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়।
আশার আলো নারী উন্নয়ন সংগঠনের সভাপতি জোসনা চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানবির আজারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, আশুগঞ্জ প্রেসকাবের সভাপতি মো. মোজাম্মেল হক, আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু।
আরও ছিলেন আওয়ামীলীগ নেতা হাজী ছাঈদুর রহমান, যুবলীগের যুগ্ম আহবায়ক আতাউর রহমান কবির, সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাহিন শিকদার, আলাল শা’উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমানা ইয়াছমিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি মো.কামাল হোসেন, ছাত্রলীগ নেতা সজিবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র নির্যাতনসহ দেশ ব্যাপী নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























