জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে বাস খাদে পড়ে গিয়ে নিহত হয়েছেন ৩জন আর আহত হয়েছেন-১০ জন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার ০৭ অক্টোবর দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা এলাকায়। দূর্ঘটনায় নিহতরা হলেন, বাঞ্ছারামপুর উপজেলার মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম, হবিগঞ্জ জেলার মো. আব্দুল্লাহ(৫৫) ও আলামিন। এর মধ্যে আলামিনের বাড়ির ঠিকানা জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি বাস সিলেটে যাচ্ছিল। বাসটি বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল হঠাৎ সামনে পড়ে যায়। তখন মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত বাসের দুই যাত্রীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপতালে পাঠায় এবং নিহতদের মরদেহ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























