জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড় মোড় ঢাকা-সিলেট মহাসড়কে দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগ (সওজ)। সকালে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ কর্তৃপক্ষ।
ব্রাহ্মণবাড়িয়ার সড়ক বিভাগের উপ প্রকৌশলী খন্দকার নেছার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকালে বুলডোজার দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের মহাসড়কের সীমানা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়।
উচ্ছেদ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমামা বানিন ও সরাইল নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ফারজানা প্রিয়াংকা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার এবি এম মহিউজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ফাতেমাদুতুজ জোহরা ও অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদসহ সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























