ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধি।। ফটিকছড়ি উপজেলার লেলাং ইউপির শাহনগর গ্রামে একটি বাড়ীর চলাচলের রাস্তা দিন দুপুরে দখল করে প্রতিবন্ধকতা তৈরি করেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে ওই বাড়ীর অন্তত ২০টি পরিবার। অর্ধশত বছরেরও বেশী সময় ধরে সড়কটি তাদের যাতায়াতের একমাত্র রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বলে জানান ওই বাড়ির লোকজন। এ ব্যাপারে গত রোববার (১৩ সেপ্টেম্বর) অবরুদ্ধ পরিবারগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে কয়েক দফা অভিযোগ জানালেও তারা প্রভাবশালী ওই মহলের কারণে কার্যকর উদ্যোগ নিতে পারেনি বলে ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা যায়, লেলাং ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ শাহনগর গ্রামের ইসলামীয়া বাজার মসজিদ সংলগ্ন মাইজ্জার বাড়ীর বাসিন্দাদের চলাচলের রাস্তা গত রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয় কৃষকলীগ নেতা মাসুদ করিমের ইন্ধনে সমাজপতি এনাম সওদাগর, তার ছোট ভাই জানে আলম কানসু ও চাচাতো বোন তসলিমা আকতার গং জোরপ‚র্বক নিজেদের জায়গা দাবী করে অর্ধশত বছরের রাস্তাটির প্রবেশমুখে বাঁশের বেড়া গেড়ে চলাচল বন্ধ করে দেয়। এতে অবরুদ্ধ হয়ে পড়ে ওই বাড়ীর অন্তত ২০টি পরিবার। পরে অবরুদ্ধ পরিবারগুলো ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন ও মেম্বার সরোয়ার হোসেনকে অভিযোগ জানালে তারা গ্রাম পুলিশ (চৌকিদার) পাঠিয়ে রাস্তা অবরুদ্ধ না করার অনুরোধ জানান। কিন্তু ইউনিয়ন পরিষদের নির্দেশ না মেনে অভিযুক্তরা রাস্তার জায়গা নিজেদের দাবী করে জনচলাচল সম্পূর্ণ রূপে বন্ধ করে দিয়েছে।

রাস্তাটি দিয়ে চলাচলকারী এজাহার মিয়া, মহিউদ্দিন,আব্দুল মোনাফ ও জানে আলম জানান, হঠাৎ করে ৫০’বছরের পূরোনো রাস্তাটি দিয়ে চলাচল বন্ধ করে দেয়ায় আমাদের বাড়ির অন্তত ২০ পরিবারের লোকজন দুর্বিষহ অবস্থায় আছে। তারা আরো জানান, এ মুহুর্তে বাড়ীর কেউ যদি মারা যায়; তবে তাকে দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাবার জায়গা পর্যন্ত রাখা হয়নি। স্থানীয় এলাকাবাসীও অমানবিক এ কাজের প্রতিবাদে ফুঁসে উঠেছে। এদিকে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি কারীরা অভিযোগকারীদের নানা প্রকার হুমকি-ধমকি দিচ্ছে বলেও জানান বাড়ির বাসিন্দারা। তারা এ ব্যাপারে প্রশাসনের দ্রত হস্তক্ষেপ কামনা করেছেন।

রাস্তা বন্ধের নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত কৃষকলীগ নেতা মাসুদ করিম বলেন, আমাদের জায়গার উপর দিয়ে তারা দীর্ঘ সময় ধরে চলাচল করলেও আমরা কোনদিন বাঁধা দেইনি। ইতোপ‚র্বে সাংবাদিক নাছির আমাদের না জানিয়ে তার পিতা হারুন সওদাগর সড়ক নাম দিয়ে রাস্তা পাকা করতে চেয়েছিল; আমরা প্রতিবাদ করাতে পারেনি। গত কয়েকদিন আগে একই কায়দায় রাস্তাটিতে ইট বিছানো শুরু করে। তারা তো রাস্তাটি সংস্কার করতে হলে আমাদেরকে ন্য‚নপক্ষে বলতে হবে। কিন্তু তারা গায়ের জোর দেখায়। এতে ক্ষুব্ধ হয়ে আমাদের বাড়ীর লোকজন চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়েছে বলে শুনেছি।

স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন বলেন, আমি সমঝোতার উদ্যোগ নিলেও প্রতিবন্ধকতা সৃষ্টিকারীরা সেটা মানতে নারাজ।ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন শাহীন বলেন, উভয়পক্ষের সহনশীল মনোভাব দরকার এর চেয়ে বেশি কিছু মন্তব্য করতে চাই না।

মুহাম্মদ ওমর ফয়সাল, ফটিকছড়ি, চট্টগ্রাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে