জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা মাছ ধরার চাঁই বিক্রির জন্য বিখ্যাত। হাওর বেষ্ঠিত নাসিরনগরের এই এলাকার চাতলপাড় বাজারে ভরা বর্ষার সময়ে যখন চারপাশ পানিতে ডুবে যায় ঠিক ঐ সময়ে চাঁই, আইডা, গোলচাঁইসহ মাছ ধরার জন্য ব্যবহৃত চাঁইয়ের হাট বসে থাকে।  সপ্তাহে দু‘দিন( শনি ও বুধবার) চাতলপাড় কলেজ সংলগ্ন মাঠে বসে থাকে এ হাট। বর্ষা মৌসুমে খাল-বিল-নদী-নালায় পানির প্রবাহ বেড়ে যায়। সেই সাথে দেশি প্রজাতির মাছের বিচরণ ও বৃদ্ধি পায় দ্বিগুণ। এ সময় দেশী বাইলা, চিংড়িসহ  মিঠা পানির মাছ ধরার জন্য গ্রামের মানুষ ব্যবহার করে বাঁশের তৈরি বিশেষ এক ফাঁদ।

বাঁশের শলা দিয়ে তৈরি মাছ ধরার এ ফাঁদের নাম হচ্ছে চাঁই। গ্রামাঞ্চলে মাছ ধরার সবচেয়ে আদি উপকরণের মধ্যে একটি হচ্ছে বাঁশের চাঁই। স্থানীয়রাসহ প্রত্যন্ত এলাকায় ও বাঁশ, বেত দিয়ে তৈরি করা মাছ ধরার এসব সরঞ্জাম বিক্রি করতে নিয়ে আসেন নাসিরনগরের চাতলপাড় বাজারে। আর এসব মাছ ধরার উপকরণ কিনতে জেলা ছাড়া ও অন্যান্য জেলার লোকজন এসে নাসিরনগরের চাতলপাড় বাজারে ভীড় জমায়। ক্রেতারা তাদের পছন্দ মত দাম হাকিয়ে কিনে নিয়ে যায় এ সব মাছ ধরার চাঁই।

পেশাদার মাছ শিকারী থেকে শুরু করে সৌখিন শিকারীরা পর্যন্ত কিনে নিয়ে যাচ্ছে এসব মাছ ধরার সরঞ্জাম। ভরা বর্ষাতে ও কাংখিত বৃষ্টিপাত হওয়ায় নদী-নালা ও জমিতে প্রয়োজনীয় পানি থাকায় নিপুণ হাতের তৈরি বাঁশ-বেতের মাছ শিকারের এসব চাঁই বিক্রি হচ্ছে দেদারছে। বিক্রেতা ওয়াহেদ আলী,আক্কাস আলী, অমল সরকার, কামাল ও হাসান জানান, চাই তৈরির বাঁশ ক্রয় করে এ কাজে বাড়ির গৃহিণী থেকে শুরু করে ছেলে-মেয়েরাও সহযোগিতা করে থাকেন। বর্ষা মৌসুমকে সামনে রেখে তারা এসব তৈরি করে থাকেন। এসব তৈরিতে প্রকারভেদে খরচ পড়ে ৪০ থেকে ৩শ’ টাকা। আর তা বিক্রি হয় ১শ’ থেকে ৫শ’ টাকায়। বিক্রেতারা আরও জানান, এসব তৈরিতে আগের চেয়ে  খরচও বেড়েছে। ফলে আগের মত বেশী লাভ হয়না।খুব সামান্যই লাভ।

সরেজমিনে উপজেলার চাতলপাড় বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় ,মাছ ধরার এসব সরঞ্জাম আকার ও গুণগত মান ভেদে বিক্রি হয় বিভিন্ন দামে। বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে বাঁশ-বেতের তৈরি মাছ শিকারের এসব সামগ্রী বিক্রি হয় সবচেয়ে বেশি। এবার পানি বেশী হওয়ায় ভরা বর্ষাতে চাইঁ বিক্রি ভালই হচ্ছে নাসিরনগরের চাতলপাড় বাজারে।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে