শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়া শহর যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান সুজনকে আজ বুধবার আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে।
কুষ্টিয়ার এক সময়ের ছাত্রদল নেতা আশরাফুজ্জামান সুজন দল বদলে যুবলীগে এসে সরাসরি হয়ে যান কুষ্টিয়া শহর যুবলীগের আহ্বায়ক। মাত্র তিন বছরে জমি দখল-চাঁদা-টেন্ডারবাজি-চাকরি দেয়ার নামে প্রতারণাসহ নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। তার দাপটে বিরক্ত পুরনো যুবলীগ নেতারাও। অবেশেষে কমিটি বিলুপ্ত ঘোষণার পর লাপাত্তা তিনি। এর মধ্যে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের হাতে আরো গ্রেপ্তার হয়েছে তার ৫ সহযোগী। আজ বেলা সোয়া দুইটার দিকে কুষ্টিয়া শহর থেকে আশরাফুজ্জামানকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে জেলা ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৫’মে কুষ্টিয়া শহর যুবলীগের ২১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আহ্বায়ক করা হয় আশরাফুজ্জামান সুজনকে। তিন মাস মেয়াদের ওই কমিটিকে সব ওয়ার্ডে কমিটি গঠনের পর পূর্ণাঙ্গ শহর কমিটির জন্য সম্মেলন করতে বলা হয়েছিল। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও কোনো সম্মেলন করতে পারেনি তারা। এর মধ্যেই গত রোববার সন্ধ্যায় যুবলীগের কেন্দ্রীয় কমিটি কুষ্টিয়া শহর কমিটি বিলুপ্ত ঘোষণা করে। কারণ হিসেবে বলা হয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িয়ে যাওয়া। দলীয় সূত্র বলছে, শহর যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামানের বিরুদ্ধে টেন্ডার নিয়ন্ত্রণ থেকে শুরু করে নানা অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে।
সম্প্রতি জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে শহরের একাধিক স্থানে জমি ও বাড়ি দখলের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের কারণেই কমিটি বিলুপ্ত করা হয়েছে। কমিটি বিলুপ্তির পরই আজ আটক হলেন আশরাফুজ্জামান। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আশরাফুজ্জামানের বিরুদ্ধে জালিয়াতি করে জমি দখলসহ নানা অভিযোগ আছে।
কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ



























