সোহেল রানা(ডালিম), চুয়াডাঙ্গা প্রতিনিধি।। চুয়াডাঙ্গা ইসলামী ব্যাংকের নিচ থেকে পাট ব্যবসায়ীর ৬’লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৭’জনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।
গ্রেপ্তারকৃত আন্তজেলা এই ছিনতাইকারীদের কাছ থেকে ২’লাখ টাকা উদ্ধারসহ বাকী টাকা উদ্ধারের অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ। গতকাল শুক্রবার দিন-রাত যশোর, সিরাজগঞ্জ, ময়মানসিংহ জেলাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার ছোট আড়ীয়ামহন গ্রামের মৃত আসম মন্ডলের ছেলে আব্দুস সালাম বাঙ্গাল (৬৫), যশোর সদর উপজেলার তপশ্বীডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে মোশারফ হোসেন বাবু (৬৩), ময়মানসিংহ জেলার গফরগাও থানার দেউলপাড়া গ্রামের মৃত মোহর আলীর ছেলে সিরাজ মিয়া (৫৫), যশোর অভয়নগর থানার চেংগুটিয়া গ্রামের মৃত চাঁন আলী মোল্লার ছেলে মোস্তফা মোল্লা (৬০), কোতয়ালী থানার মোন্ডলগাতি গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে নায়েব আলী (৫৫), মুন্সিগঞ্জ জেলার শ্রী নগর থানার বড়াইখালি গ্রামের মৃত সামসুল হকের ছেলে মোশারফ হোসেন (৫০) ও ঠাকুরগাঁও সদর উপজেলার ঠিকেপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে সেলিম হোসেন (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট চুয়াডাঙ্গা ইসলামী ব্যাংকের নিচ থেকে কৌশলে এক পাট ব্যবসায়ীর ৬লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় আন্তজেলা ছিনতাইকারী এই চক্রটি। পরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে সদর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ আবু জিহাদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীর ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) হাসানুজ্জামানসহ সদর থানা পুলিশের চৌকস দল ছিনতাইকারীদের ধরতে মাঠে নামে। পরে পুলিশ ইসলামী ব্যাংকের ভিতরে ও বাইরের সিসি টিভি ফুটেজসহ পুলিশের উন্নত প্রযুক্তি ব্যবহার করে সিরাজগঞ্জের আব্দুস সালাম বাঙ্গাল ও যশোরের মোশারফ হোসেন বাবুকে পাবনা জেলার একটি আমবাগান থেকে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বাকী ৫জনকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার দুপুর ১টার পর চুয়াডাঙ্গা সদর থানার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৭’ছিনতাইকারীকে আটকসহ ২’লাখ টাকা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার্স ইনচার্জ অবু জিহাদ বলেন, বাকী টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যহত আছে।
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মজলিশপুর গ্রামের পাট ব্যবসায়ী সাইদুর রহমান ইসলামী ব্যাংক থেকে ৬ লাখ টাকা তোলেন। পরে ইসলামী ব্যাংকের নিচে রাখা তার মটরসাইকেলের হ্যান্ডেলে টাকার ব্যাগটি রাখেন। এসময় পূর্বে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারী চক্রের সদস্যরা তার মটরসাইকেলের পাশে কয়েকটি একশত টাকার নোট ছিটিয়ে দিয়ে তার মনোযোগ ঘুরিয়ে দিতে বলেন ভাই আপনার টাকা পড়ে গেছে। সাইদুর রহমান ছিটানো টাকা তুলতে গেলে ছিনতাইকারীরা কৌশলে তার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

সোহেল রানা(ডালিম), চুয়াডাঙ্গা জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























