আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে উপ-নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ওমর ফারুক সুমন মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।
শুক্রবার রাণীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এই শোভাযাত্রা করেন তিনি। এদিন বিকেলে আত্রাই উপজেলায় তার নিজ বাড়ি রসুলপুর বটতলা থেকে কয়েক শত মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রা শুরু করেন। এরপর রসুলপুর থেকে সিংসাড়া হয়ে আত্রাই উপজেলা ও রাণীনগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় থেমে থেমে পথ শোভা ও জনগনের সাথে কুশল বিনিময় করেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন।
শোভাযাত্রাকালে অ্যাডভোকেট ওমর ফারুক সুমন বলেন, আমি দীর্ঘ ৩০ বছর ধরে রাণীনগর-আত্রাই মানুষের সাথে মিলেমিশে তাদের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছি। এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন উত্তোলন করেছি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন তাহলে বিপুল ভোটে জয়লাভ করে সরকারকে এ আসন উপহার দিতে পারবো।
উল্লেখ্য, গত ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শুন্য হয়। ইতি মধ্যে মনোনয়ন পেতে ৩৪ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন। নির্বাচন কমিশন থেকে আগামী ১৭ অক্টোবর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।
আব্দুর রউফ পাভেল, নওগাঁ জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























