জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুইদিনে দুই বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান। সোমবার দুপুরে ও রোববার পৃথক দুটি অভিযানে এসব বাল্যবিবাহ পন্ড করা হয়। এসময় বাল্যবিবাহ দিবে না মর্মে তাদের পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রামে এক মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রীর বিয়ের আয়োজন করা হয় প্রবাস ফেরত এক যুবকের সাথে। এ সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খানের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযান চালানো হয়। এসময় বর পক্ষের কাউকে পাওয়া যায়নি। তবে ঐ ছাত্রীর পিতা প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তার মেয়েকে বিয়ে দিবেন না বলে মুচলেকা প্রদান করেন। এর আগে, রোববার উপজেলার মেহারীতে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে বিয়ে দেওয়ার আয়োজন করলে এসিল্যান্ড হাসিবা খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তা পন্ড করে দেন। এসময় ওই স্কুল ছাত্রীর পিতা মেয়েকে ১৮বছর হওয়ার আগে বিয়ে না দেওয়ার অঙ্গিকার করে মুচলেকা প্রদান করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান বলেন, স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের নিয়ে অপ্রাপ্ত বয়সে মেয়েদের বিয়ে না দিতে তাদের পরিবারকে বুঝানোর চেষ্টা করেছি। এসব বিষয়ে অনেকেই অসচেতন, বাল্যবিবাহ বন্ধে সবাইকে নিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























