মুহাম্মদ ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে স¤প্রতি এক ভয়াবহ অগ্নিকান্ডে সিএনজি চালক দেলোয়ার হোসেন ও তার ভাই প্রবাসী ইসমাইল হোসেনের কাঁচা বসতঘর সম্প‚র্ণ পুড়ে ছাই হয়ে যায়। গত ২০ জুলাই শাহনগর গ্রামের হাঁচি তালুকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মাথা গোজার শেষ সম্বলটুকু হারিয়ে তারা বর্তমানে প্রতিবেশীর ঘরে কষ্টে দিনযাপন করছেন।
এমতাবস্থায় এ দুই পরিবারকে নতুন করে বসতঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন। এ লক্ষ্যে ইতোমধ্যে তিনি নিজস্ব তহবিল থেকে অনুদানের পাশাপাশি এলাকার বিত্তশালীদের সহায়তায় ফান্ড গঠন করেছেন। এ ফান্ডে এলাকার অনেক বিত্তশালী ও মানবিক ব্যক্তিবর্গ সহায়তায় এগিয়ে এসেছেন। এলাকার আরো যারা দানশীল ও বিত্তশালী রয়েছেন তাদেরকেও সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানিয়ে চেয়ারম্যান শাহীন বলেন, প্রয়োজনীয় অর্থ সংগ্রহ হলে আগামী কিছুদিনের মধ্যেই ঘর নির্মাণ কাজ শুরু করতে পারবো, ইনশাআল্লাহ।
এদিকে অগ্নি দুর্ঘটনায় নিঃস্ব হয়ে যাওয়া এ দুই পরিবারের পাশে দাঁড়ালেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব। তিনি বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ তহবিল হতে দুই পরিবারকে ২০ হাজার টাকা অনুদান দেন। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন, সাবেক প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন, মীর মোরশেদ, যুবলীগ নেতা আক্কাস আলী, ইউ.পি সদস্য মুরাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মুহাম্মদ ওমর ফয়সাল, ফটিকছড়ি, চট্টগ্রাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























