ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ করোনা ভাইরাস থেকে রক্ষায় বারংবার হাত ধৌত করা অত্যাবশ্যক। এই মওকায় বসে নেই অসাধু চক্র। নকল হ্যাণ্ড স্যানিটাইজার বাজারজাত করে কাঁচা পয়সা কামাতে মরিয়া ওই চক্রটি। ব্রাহ্মণবাড়িয়ায় এমনি এক নকল হ্যাণ্ড স্যানিটাইজার কারখানাকে সীলগালা করে দিয়েছে প্রশাসন। এসময় কারখানার মালিককে করা হয় এক লাখ টাকা জরিমানা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১০ এপ্রিল শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামের ওই নকল কারখানায় ভ্রাম্যমান অাদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই নকল কারখায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই কারখানায় গিয়ে দেখা যায় রঙ এবং কেমিক্যাল দিয়ে ‘জনসন’ নামে নকল হ্যাণ্ড স্যানিটাইজার তৈরি করা হচ্ছে। এই কারখানা কোনোরকম অনুমোদন ছাড়াই নিজেরা ঘরে বসে এসব নকল স্যানিটাইজার বোতলে ভরে বাজারজাত করে আসছিলো।
এসময় সেখানে কারখানার মালিকদের মধ্যে ইয়াছিন মিয়া নামের একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দুই ড্রাম কেমিক্যাল উদ্ধার করে ধ্বংস ও কারখানাটিতে তালা ঝুলিয়ে সিলগালা করে দেওয়া হয়।
জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























