পবিত্র রমজানে উপলক্ষে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে France Bangladesh Journalists Association (এফবিজেএ)। শুক্রবার (১৩ মার্চ) উত্তর Paris–এর শহরতলি পন্তা এলাকার এলফোর রেস্তোরাঁয় আয়োজিত এ ইফতার অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সংগঠনের মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এফবিজেএ সদস্য ও ইংরেজি দৈনিক The Daily Sun–এর ফ্রান্স প্রতিনিধি মুমিন আনসারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিজেএ’র সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, বাংলাদেশের গণতান্ত্রিক পার্টি (বাগপা)-এর চেয়ারম্যান কাজী আব্দুল্লাহ আল মামুন, প্রবীণ সাংবাদিক ও লেখক খান আনোয়ার, বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্সের সভাপতি আবুল খায়র লস্কর, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদসহ প্রবাসী কমিউনিটির আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)-এর সেক্রেটারি নাজমুল কবির, সমাজকর্মী ফয়সাল আহমেদ, জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার সভাপতি আহমেদ আব্দুল মালেক, এনসিপি ফ্রান্স শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব কাউছার আহমেদসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্বাগত বক্তব্য দেন এফবিজেএ সদস্য তানভীর আহমেদ তোহা। সংগঠনের গত এক বছরের কার্যক্রম তুলে ধরেন সহ-মুখপাত্র মোসাদ্দেক হোসেন সাইফুল। এ সময় সংগঠনের সিনিয়র সাংবাদিক ও সহ-সমন্বয়ক মোহাম্মদ কামরুজ্জামান, হাবিবুল্লাহ ফাহাদ, ইয়াছির আরাফাত খোকন (ফ্রান্স প্রতিনিধি, বাংলাভিশন), সর্দার হাসান ইলিয়াস তানিম (ফ্রান্স প্রতিনিধি, দৈনিক যুগান্তর) ও মুমিন আনসারী বক্তব্য দেন।

বক্তারা প্রবাসে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব এবং প্রবাসী কমিউনিটির সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ—সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনগণের কথা তুলে ধরা তাদের নৈতিক দায়িত্ব।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ মাহবুব হোসাইন বলেন, ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এফবিজেএ কাজ করে যাচ্ছে। একই সঙ্গে প্রবাসী কমিউনিটির বিভিন্ন বিষয় আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে এমসি ইনস্টিটিউটের প্রিন্সিপাল প্রফেসর বদরুল বিন হারুন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়ায় দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন এবং মাগরিবের নামাজ আদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে