বগুড়ার শেরপুর পৌরশহরে অবস্থিত একটি পাঁচতলা ভবনের ভাড়াটিয়া ব্যাংকার ও ব্যবসায়ীর দুইটি ফ্ল্যাটে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটে নেয়। তবে ডাকাতি হওয়া অর্থসহ কোন কিছুর পরিমান সুনির্দিষ্ট করে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে প্রাইম ব্যাংকের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাসায় ফেরার পর বিষয়টি টের পান। ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, স্ত্রীর প্রসবজনিত কারণে বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় বাসার দরজা-জানালা বন্ধ করে বগুড়ায় একটি ক্লিনিকে যান। এই সুযোগে রাতের কোন এক সময় ডাকাতরা দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের সবকিছু তছনছ করে। এসময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু মালামাল লুটে নেয়। তবে তিনি তার স্ত্রী বাসায় না থাকায় ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেন নি। এদিকে একই ভবনের নিচতলায় ডাকাতরা ভাড়াটিয়া ক্লিনিক ব্যবসায়ী হুমায়ুন আহমদের ফ্ল্যাটেও হানা দেয়। ওই ব্যবসায়ী চাঁদপুর জেলার বাসিন্দা। ঈদে গ্রামের বাড়ি গিয়ে তিনি এখনও শেরপুরে ফেরেন নি। তিনি আসার আগ পর্যন্ত ক্ষতির পরিমান জানা সম্ভব হয়নি। শেরপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তকরণের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেয়া হবে এই পুলিশ কর্মকর্তা জানান।

মোঃ মিষ্টার আলী মিলন
বগুড়া, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে