ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে আরও ৪টি নতুন গাড়ি যুক্ত হয়েছে। আজ (২৪ জুন) দুপুর ১২ টার দিকে প্রশাসন ভবনের সম্মুখ চত্বরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র নিকট গাড়িগুলোর চাবি হস্তান্তর করেন পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম এবং পরিবহন ক্রয় কমিটির আহ্বায়ক প্রফেসর ড. কাজী আখতার হোসেন।
এসময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী জানান, বর্তমান প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে এই নতুন ৪টিসহ মোট ৮টি গাড়ি যুক্ত হয়েছে। আরও দুইটি হিনো বড় বাস শিক্ষার্থীদের জন্য অতি শীঘ্রই পরিবহন পুলে যুক্ত হবে। তিনি বলেন, পরিবহন পুলে নিজস্ব গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন খাতে বাজেট ঘাটতি কমছে এবং পরিবহন সেকশন আত্মনির্ভরশীল হচ্ছে। পরে ভাইস চ্যান্সেলর ফিতা কেটে নতুন ক্রয়কৃত গাড়িগুলো শুভ উদ্বোধন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা এসময় সেখানে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, আইআইইআর-এর পরিচালক প্রফেসর ড. মোহাঃ মেহের আলী, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের সি-িকেট সদস্য ও সাবেক প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিচুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, প্রধান মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ এস. এম. নজরুল ইসলাম, পরিবহন অফিসের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
নতুন ক্রয়কৃত গাড়িগুলোর মধ্যে রয়েছে ৪১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ১টি এ্যাম্বুলেন্স, প্রতিটি ৬৭ লক্ষ ৯৮ হাজার ৫০০ টাকা মূল্যের ২টি এসি মিনি কোস্টার এবং ৪২ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা মূল্যের ১টি হাইয়েচ মাইক্রো।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























