রুজমিলা হক, লন্ডন থেকেঃ বড় আকারের আশ্রয় (অ্যাসাইলাম) জালিয়াতির অভিযোগ সামনে আসার পর চারটি দেশের জন্য স্টুডেন্ট ভিসা স্থগিত করেছে যুক্তরাজ্য সরকার। দেশগুলো হলো আফগানিস্তান, ক্যামেরুন, সুদান এবং মায়ানমার।

ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোম অফিস জানিয়েছে, এসব দেশ থেকে আসা অনেক আবেদনকারী শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে প্রবেশের পর আশ্রয় আবেদন করছেন। তাই এই দেশগুলোর স্টুডেন্ট ভিসা আবেদনের ওপর জরুরি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব শাবানা মাহমুদ বলেন, কিছু মানুষ ব্রিটেনের উদার অভিবাসন নীতির সুযোগ নিচ্ছে। তিনি বলেন, “যারা যুদ্ধ ও নির্যাতনের কারণে পালিয়ে আসে তাদের আশ্রয় দিতে যুক্তরাজ্য সবসময় প্রস্তুত। তবে ভিসা ব্যবস্থার অপব্যবহার কখনোই গ্রহণযোগ্য নয়।”

হোম অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দাখিল হওয়া প্রায় ১ লাখ আশ্রয় আবেদনের মধ্যে ৩৯ শতাংশই ছিল এমন ব্যক্তিদের, যারা আগে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন। গত পাঁচ বছরের তুলনায় এই সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে। এছাড়া গত পাঁচ বছরে প্রায় ১ লাখ ৩৩ হাজার ৭৬০ জন বৈধ পথে যুক্তরাজ্যে প্রবেশ করার পর আশ্রয় দাবি করেছেন। বিশেষ করে ক্যামেরুন ও সুদানের শিক্ষার্থীদের মধ্যে এই প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

হোম অফিস আরও জানিয়েছে, ৫ মার্চ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে এবং ৮ এপ্রিল থেকে তা পুরোপুরি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে আশ্রয় আবেদন প্রক্রিয়ায় ব্যবহৃত নানা stalling tactics বন্ধ করার উদ্যোগও নেওয়া হয়েছে।

সরকার বলছে, সীমান্তে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকাতেই এসব কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আশ্রয় ব্যবস্থাকে আরও কঠোর করার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে