১৬ দফা দাবিতে শিক্ষার্থী আন্দোলনের মুখে টানা ৫ দিন অচল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট। ক্লাস-পরীক্ষা বর্জনের পর বুধবার প্রশাসনিক কার্যক্রমও বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে আন্দোলন চললেও ক্যাম্পাসে যাচ্ছেন না উপাচার্য।ঈদের ছুটি কাটিয়ে শনিবার খোলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট। তবে সেই দিন থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, ঈদের ছুটির সময় ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারকে সরিয়ে নিয়োগ দেয়া হয় অধ্যাপক কাসেম আলীকে। এই নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত দাবি করে তা বাতিলের দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা।আন্দোলনের অংশ হিসেবে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল করে উপাচার্যের কার্যালয়ের সামনে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন তারা। প্রশাসনিক ভবনে তালা দিয়ে সব ধরনের প্রশাসনিক কার্যক্রমও বন্ধ করে দেন শিক্ষার্থীরা। ছাত্রী হলের নাম প্রয়াত শিক্ষার্থী সাবেকুন্নাহার সনির নামে করা, পলাশী মোড়ে বিশ্ববিদ্যালয়ের গেট নির্মানসহ ১৬ দফা দাবি তাদের।

শিক্ষার্থীরা বলেন, উপাচার্য এখন পর্যন্ত তাদের দাবির ব্যাপারে সাড়া দেননি। এ সব বিষয়ে উপাচার্য ড. সাইফুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তথ্যঃ ইন্ডিপেন্ডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে