জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ-২০২০ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সম্মেলন-কক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (রাশিদ আসকারী)’র সভাপতিত্বে আজ (০৬.০৫.১৯) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মহতী উদ্যোগে জাতীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের অংশ হিসাবে ইসলামী বিশ্ববিদ্যালয়েও মুজিববর্ষ-২০২০ ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় বছরব্যাপী ব্যাপক আড়ম্বরপূর্ণ, ব্যতিক্রমী ও দৃষ্টি আকর্ষক নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুজিববর্ষ-২০২০ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। আয়োজনগুলোর মধ্যে থাকবে জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বই নিয়ে সপ্তাহব্যাপী বইমেলা, রচনা-বক্তৃতা-কুইজ প্রতিযো গিতা, বঙ্গবন্ধু কাপ ক্রীড়া প্রতিযোগিতা, বাংলা ও ইংরেজিতে স্মারকগ্রন্থ ও বুলেটিন প্রকাশ, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, কবিতা উৎসব, আবৃত্তি, নাটক মঞ্চায়ন ইত্যাদি। এসব অনুষ্ঠান সার্থকভাবে আয়োজনের জন্য ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে একটি কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি এবং বিভিন্ন উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।কেন্দ্রীয় প্রোগ্রামের পাশাপাশি প্রত্যেকটি হল, বিভাগ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সমিতি ও প্রগতিশীল সংগঠন আলাদা-আলাদাভাবে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. শামসুজ্জামান খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফসহ ডিনবৃন্দ, সভাপতিবৃন্দ, প্রোভস্টবৃন্দ, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এ মতবিনিময় সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেন।
এ মহতী উদ্যোগ সফল করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























