ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইঞ্জিনিয়ারিং ডিগ্রির দাবিতে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত পাঁচ বিভাগের শিক্ষার্থীদের আমরণ অনশন থেকে ২২ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আন্দোলন ঠেকাতে ক্যাম্পাসে অঘোষিত জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বুধবার ভোররাতে অনশনরত এসব ২২ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এ ছাড়া ক্যাম্পাসে শিক্ষার্থীদের গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।ভর্তি ফি কমানোসহ তিন দফা দাবিতে গতকাল থেকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছেন শিক্ষার্থীরা। এসময় প্রশাসনিক ভবন ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেন তারা।এর পরিপ্রেক্ষিতে সকালে মাইকিং করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা অমান্য করে সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অনশনে বসেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইঞ্জিনিয়ারিং ডিগ্রির দাবিতে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত পাঁচ বিভাগের শিক্ষার্থীদের আমরণ অনশন চলছিল।এদিকে মঙ্গলবার অনশনরত কয়েক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লেও প্রশাসন ও অনুষদের ডিন তাদের সঙ্গে দেখা করেনি। এতে ক্ষুব্ধ হয়ে দুপুর ২টায় অনুষদের ডিন অফিসে তালা ঝুলিয়ে দেন তারা।অফিসের ভেতরে আটকা পড়েন অফিস সহকারী আবদুল মমিন ও পিওন বাদল। রাত ৯টায় অবরুদ্ধ দুই কর্মচারীকে উদ্ধার করতে আসেন অনুষদের ডিন প্রফেসর ড. মমতাজুল ইসলাম ও ছাত্র-উপদেষ্টা ড. পরেশ চন্দ্র বর্মণ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























