নিউজ ডেস্কঃ ব্যাপক উৎসব ও আনন্দমুখর পরিবেশে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। ‘জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে’ এ শ্লোগানকে সামনে রেখে ১৪২৬ উদযাপনে এবং নতুন বছরকে বরণ করতে মেতেছিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার। নতুন উদ্যমে নতুন আঙ্গিকে বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলে উন্নতির শিখরে পৌঁছানোর প্রত্যয়ে শুরু হয় নতুন বছর।
পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা শুরু হয় সকাল নয়টায় । বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলীর নেতৃত্বে শোভাযাত্রা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে শেষ হয়। শোভাযাত্রায় পেঁচা, বাঘ, হাতি ইত্যাদির মুখ, টেপা পুতুল, ঘুর্ণি ও নানা ধরণের কারুকার্য, ঢোল, কর্তাল নিয়ে বিশ্ববিদ্যালয় পরিবার অংশগ্রহণ করে। স্বাধীনতা চত্বরে পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাইফুল ইসলামের সভাপতিত্বে উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী বলেন, পহেলা বৈশাখ বাঙালির নিজস্ব সত্ত্বা, স্বকীয়তা ও আত্মার পরিচয়। বাঙালি সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে পহেলা বৈশাখ। সারাবিশ্বের বাংলা ভাষাভাষীদের প্রধান উৎসব এখন পহেলা বৈশাখ। এদিন অসাম্প্রদায়িক বাঙালি সবাই এক সাথে উৎসবে মেতে ওঠে। আমরা নিজেদেরকে খুুঁজে পাই পহেলা বৈশাখে।
উপ-উপাচার্য প্রফেসর ড. মো আনোয়ারুল ইসলাম পহেলা বৈশাখের উৎপত্তির ইতিহাস তুলে ধরে বলেন, বাঙালির হাজার বছরের সংস্কৃতি হলো পহেলা বৈশাখে বিরাজমান। বাঙালি এদিন নিজেদের মেলে ধরে বিশ্বের কাছে। পৃথিবীর সকল বাঙালি এক কাতারে নেমে আসে।কোষাধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ার খসরু পারভেজ বলেন, বাঙালির স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের পেছনে আমাদের হাজার বছরের সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা মূল নিয়ামক হিসেবে কাজ করেছে। বাংলা নতুন বছর সকলের জীবন আলোকিত, সুন্দর ও সমৃদ্ধ করবে এই প্রত্যাশা করেন।
রওশন ইয়াজদানির সঞ্চালনায় আরো বক্তব্য দেন, বঙ্গবন্ধু হলের প্রভোষ্ট প্রফেসর ড. মুশফিকুর রহমান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ হাবিবুল্লাহ, শিক্ষক সমিতির সভাপতি ড. ওমর ফারুক, সাধারণ সম্পাদক ফজলুল হক, শিক্ষক সমিতির সাবেক সভাপতি আওয়াল কবির জয়, প্রক্টর ড. প্রীতম কুমার দাস, ছাত্র উপদেষ্টা মুহাম্মদ আরিফ ওবায়দুল্লাহ, অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার বহ্ম, অফিসার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হারুনর রশিদ ডন, ছাত্রলীগের সভাপতি মাহমুদ চৌধুরী আসিফ ও সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু।শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাবিপ্রবি
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























