ইবি প্রতিনিধিঃ বুধবার (১০ এপ্রিল) ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পস; নামে আয়োজকবৃন্দের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পস-১৯ এর হ্যান্ডবল খেলার মাঝখানে  ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের উপর আতর্কিত হামলার জন্য আনুষ্ঠানিক ভাবে ক্ষমা প্রার্থনা করেছে আয়োজক বৃন্দ । সাথে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়কে হ্যান্ডবল (পুরুষ) সেমিফাইনালের বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় উদ্ভূত ওই পরিস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে টুর্নামেন্ট ভেন্যু হিসেবে বাতিল ঘোষণা করা  হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভেন্যুতে ১০ই এপ্রিল ২০১৯ বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যকার হ্যান্ডবল (পুরুষ) সেমিফাইনাল ম্যাচ চলাকালীন সময়ে মাঠের মধ্যে মাঠের বাইরে থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের উপরে হামলার ঘটনা ঘটেছে। এই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প ২০১৯ এর পক্ষ থেকে আনুষ্ঠানিক নিন্দা জানানো যাচ্ছে৷ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোস্ট ভেন্যু হিসেবে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় উদ্ভূত ওই পরিস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে টুর্নামেন্ট ভেন্যু হিসেবে বাতিল ঘোষণা করা হলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য “বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প ২০১৯” এর বাকি সকল খেলা স্থানান্তরিত করে অন্যান্য ভেন্যুতে আয়োজন করা হবে এবং টুর্নামেন্ট নিজ গতিতে চলমান থাকবে। স্থানান্তরিত ভেন্যুসমূহের বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

এছাড়াও, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা কমিটি, টুর্নামেন্ট কর্তৃপক্ষ, আয়োজক মন্ত্রণালয়, উপদেষ্টা ও টেকনিক্যাল কমিটির সমন্বয়ে ঘটনাটির বিষয়ে সকল প্রকার পদক্ষেপ চলমান এবং আমরা আশা করছি খুব দ্রুত সময়ে হামলার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা যাবে।হামলায় আহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে টুর্নামেন্টের কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সাভারের এনাম মেডিকেল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর ছেড়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য যে, ম্যাচের ৯ মিনিট বাকি থাকা অবস্থায় ১০-১৩ গোলে ইসলামী বিশ্ববিদ্যালয় এগিয়ে থাকার সময়ে এই বিচ্ছিন্ন ঘটনাটি ঘটে। টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়কে হ্যান্ডবল (পুরুষ) সেমিফাইনালের বিজয়ী ঘোষণা করা হয়েছে।

প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে