বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) আয়োজিত টেক কম্পিটিশন ‘বিইউপি টেকসারজেন্স-২০১৯’ এ প্রজেক্ট শোকেসিং ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) “টিম এমএম”। প্রথম হয়েছে Ambitious_MIST । ৬ ও ৭ এপ্রিল অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১২ টি ক্যাটাগরিতে ২৫টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৪০০ এর বেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
“টিম এমএম” এর সদস্যরা হলেন- পাবিপ্রবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আহমেদ সাজ্জাদ হোসেন, একই বিভাগের মো. বেলাল হোসেন এবং ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের আহমেদ মুসা। তাদের ডেভলপ করা ‘মেস ম্যানেজার’ নামক ক্রস-প্লাটফর্ম সফটওয়্যারের জন্য রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে টিম এমএম।প্রোজেক্ট সম্পর্কে বলতে গিয়ে টিম লিডার আহমেদ সাজ্জাদ হোসেন জানান, “মেস ম্যানেজার হচ্ছে মেস সংক্রান্ত যাবতীয় সমস্যাগুলোর একটা কমপ্লিট প্যাক সল্যুশন, যার মাধ্যমে একটা মেসকে স্বচ্ছ, বিশ্বাসযোগ্য, পেপারলেস, ত্রুটিমুক্তভাবে পরিচালনা করা যাবে এবং অনলাইন থেকেই সহজে নিজের চাহিদা মতো মেস খুঁজে পাওয়া যাবে।”টেকসারজেন্স প্রতিযোগিতা পরিদর্শনে এসে ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার প্রজেক্টটি দেখে সন্তোষজনক মন্তব্য করেন ও কমার্শিয়ালি লঞ্চ করার পরামর্শ দেন।
প্রোগ্রামিং কন্টেস্ট, গেমিং কন্টেস্ট, পোস্টার প্রেজেন্টেসন, প্রজেক্ট শোকেসিং, আইসিটি অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াডসহ ১২টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিইউপি টেক ইনফো ক্লাব এবং বিইউপি রোবটিক্স ক্লাবের যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে।
আকরাম নয়ন,
পাবিপ্রবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























