শিক্ষক কর্মকর্তা কর্মচারীসহ সংশ্লিষ্টদের সম্মিলিত প্রয়াসে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের প্রতি অশ্রদ্ধা জানানোর এখতিয়ার নেই বলে জানিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। একইসঙ্গে ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার উপাচার্য ভবনে ডাকসু নির্বাচনে অংশ নেয়া পাঁচ প্যানেলের প্রতিনিধিরা নতুন তফসিল ঘোষণা করে আবারো নির্বাচনের দাবিতে স্মারকলিপি দেয়ার পর উপাচার্য সাংবাদিকদের একথা জানান।

উপাচার্য বলেন, ‘ডাকসু নির্বাচন সফল করতে বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ’ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর শ্রম-সময় ও মেধার যে খরচ হয়েছে, তার প্রতি অসম্মান জানাতে পারি না। তাদের শ্রমকে অসম্মান করার এখতিয়ার আমার নেই। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীল, সুশৃঙ্খল ও ভালো একটি একাডেমিক পরিবেশ বিরাজ করছে। এখানে কেউ কোনও ধরনের বিশৃঙ্খলা ও অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সহ্য করবে না। সবাইকে সে বিষয় সচেতন থাকতে আহ্বান জানাবো। অপরাধমূলক কোনও কাজ সংঘটিত হলে, সেসবের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরআগে, বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে পুনর্নিবাচনের দাবিতে সাক্ষাৎ করেন ভিপি নুরুল হক নুরসহ ডাকসু নির্বাচনে অংশ নেয়া পাঁচটি প্যানেলের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে