ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া|| ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত উপ-রেজিস্ট্রার বা সমমানদের বেতন স্কেল ৫০ হাজার টাকা, সহকারী রেজিস্ট্রার বা সমমানদের বেতন স্কেল ৩৫ হাজার ৫ শত টাকা, অফিস সময়সূচি পূর্বের ন্যায় সকাল ৮ টা হতে দুপুর ২ টা পর্যন্ত নির্ধারণ এবং চাকুরীর বয়সসীমা ৬০ বছরের পরিবর্তে ৬২ বছর বহালের দাবিতে রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দাপ্তরিক কাজ বর্জন করে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয় কর্মকর্তারা। দাবি সমূহ মেনে না নিলে সপ্তাহব্যাপী এ কর্মবিরতি পালন করবে বলে জানান কর্মকর্তা সমিতিরত নেতৃবৃন্দ।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির মহাসচিব ও ইবি কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান এর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ৬ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করবে কর্মকর্তা সমিতি। বুধবার পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি। কর্মসূচীতে বিভিন্ন অফিসের কর্মকর্তারা বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য গত বছরের ২২ ডিসেম্বর একই দাবিতে মৌনমিছিল ও সমাবেশ করেছিল কর্মকর্তারা। মৌনমিছিল চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশীদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা উপস্থিত হন এবং উপাচার্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছিলেন , রাস্তায় দাঁড়িয়ে নয় আলোচনার টেবিলে সমাধান চাই। পদ্ধতিগতভাবে সমাধানের পথে এগিয়ে যেতে হবে। সেইসময় দাবিগুলো পর্যালোচনার তাগিদে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিনকে আহ্বায়ক করে ৮ সদস্য বিশিষ্ট যাচাই-বাছাই কমিটি করেছিল প্রশাসন। কামাল উদ্দিন আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করলে পরবর্তীতে ছাত্র উপদেষ্টা অধ্যপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণকে আহ্বায়ক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, তাদের বেতন স্কেলের দাবিটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য একটি পর্যালোচনা কমিটি করা হয়েছে। কমিটি কার্যক্রম চলমান। দেশ এবং বিশ্ববিদ্যালয়ের স্বর্থে তাদেরকে কর্মসূচিতে না গিয়ে আলোচনার টেবিলে সুরাহার অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রিতম মজুমদার
ইসলামী বিশ্ববিদ্যালয়।। বিডি টাইম্স নিউজ























