রাবি প্রতিনিধি(মেশকাত মিশু)|| রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) প্রয়োজনীয়তা এবং এ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির লক্ষে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করেছে রাকসু আন্দোলন মঞ্চ।

বৃহষ্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের মাধ্যমে এই সচেতনতামূলক কাজের সমাপ্তি ঘোষণা করেন তারা। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি  থেকে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে তারা । এরই মধ্যে তারা ১২ হাজার লিফলেট বিতরণ করেছে।

আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর জানান, রাকসু সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই জানেন না। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে এবং এর প্রয়োজনীয়তা তুলে ধরতে আমরা ১২ হাজার  লিফলেট বিতরণ করেছি।

রাকসু আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণকৃত লিফলেটে কী আছেঃ লিফলেটে দেখা যায় রাকসু সম্পর্কিত ১৭ টি দাবি তুলে ধরেছেন তারা। দাবিগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য নির্বাচনের মতো গণতান্ত্রিক পন্থায় রাকসু নির্বাচন বাৎসরিক কর্মপরিকল্পনার অন্তর্ভূক্ত করে নির্ধারিত সময়ে নির্বাচন দেয়া , সিনেটে রাকসু ও গ্র্যাজুয়েটদের মধ্য থেকে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ সিনেট কার্যকর, হলে আবাসিকতা নিশ্চিতকরণ ও সিট বরাদ্দের ব্যবস্থা, রাজনৈতিক ব্লক নিষিদ্ধকরণ ও পড়ালেখার পরিবেশ নিশ্চিত, আধুনিক গ্রন্থাগারের ব্যবস্থা, খাবারের মান বৃদ্ধি ও নিরাপদ পানি সরবরাহ, প্রশাসনিক তদারকির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার পরিবেশন, কেন্দ্রীয় গ্রন্থাগার সপ্তাহে সাত দিন সহ ২৪ ঘন্টা খোলা, ক্যাম্পাসে চুরি, ছিনতাই ও যৌন হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ ও সান্ধ্য আইন বাতিল, পর্যাপ্তসংখ্যক বাস সংযুক্ত, শিক্ষাসনদ, নম্বরপত্র ও সংশোধনে এবং হল, বিভাগে নামে-বেনামে আদায়কৃত অযৌক্তিক ফি বাতিল, গবেষণা খাতে বাজেট বৃদ্ধি, পূর্ণাঙ্গ টিএসসিসি নির্মাণ, মেডিকেলে চিকিৎসার সেবা বাড়ানো, সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, বাণিজ্যিক সান্ধ্য কোর্স বাতিল এবং আইন করে মৌলবাদি, উগ্র, ও জঙ্গিমদদপুষ্ট সংগঠনগুলোর সকল প্রকার রাজনৈতিক কার্যকলাপ ক্যাম্পাসে নিষিদ্ধ করার দাবি জানান তারা।

উল্লেখ্য দীর্ঘদিন ধরে রাকসু নির্বাচনের দাবিতে নানামুখী আন্দোলন করে যাচ্ছে রাকসু আন্দোলন মঞ্চ।

মেশকাত মিশু
রাজশাহী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে