ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ৫০জন প্রার্থী। তারা সবাই ছাত্রলীগের হয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এর মধ্যে ভিপি পদে একজন, এজিএস পদে চারজন, সম্পাদকমন্ডলীর সদস্য ২৩ জন এবং সাধারণ সদস্য রয়েছেন ২২ জন।

ডাকসুর ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকা থেকে এ তথ্য জানা গেছে। এদিকে, যাচাই বাছাইয়ে ডাকসু নির্বাচনে সাতজন ও হল সংসদে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তারা।

প্রার্থীদের প্রাথমিক তালিকা অনুযায়ী, হল সংসদের ১৮টি হলে ১৩টি করে মোট ২৩৪টি পদ রয়েছে। এদিকে ডাকসু নির্বাচনের প্রকাশিত খসড়া প্রার্থী তালিকা অনুযায়ী, ডাকসুতে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১২ জন, এজিএস পদে ১৩ জন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৯ জন, কমনরুম ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১৩ জন, সাহিত্য সম্পাদক পদে ৮ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১২ জন, ক্রীড়া সম্পাদক পদে ১১ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১০ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৫ জন এবং ১৩টি সদস্য পদের বিপরীতে ৮৮ জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা।

মনোনয়ন বাতিল হয়েছে সাতজনের। আর হল সংসদে ২৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। আগামি ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এর আগে ১৯৯০ সালের ৬ জুলাই ডাকসুর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর দীর্ঘ ২৮ বছরে আর কোনো নির্বাচন হয়নি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে