পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে মহা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৩’দিন ব্যাপী “সিএসই ফেস্টিভাল”র উদ্বোধন হল ২৬শে ফেব্রুয়ারি সকাল ১১’টায়।
সকালে সিএসই বিভাগের চেয়ারম্যান সহ অন্যান্য শিক্ষকবৃন্দের উপস্থিতিতে সিএসই ফেস্টিভালের শুভ উদ্বোধন হয়। পরবর্তীতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা প্রশাসনিক ভবন ঘুরে সিএসই বিভাগে এসে শেষ হয়।
উদ্বোধনি বক্তব্যে বিভাগের চেয়ারম্যান সহকারি অধ্যাপক মোঃ মাহমুদুল হাসান পরবর্তীতে আরও বৃহৎ পরিসরে এরকম ফেস্টিভাল আয়োজনের আশা ব্যাক্ত করে বলেন- “পড়াশুনার পাশাপাশি এসকল ক্রিয়েটিভ বিষয়গুলো দরকার। যা নতুন কিছু করার উদ্যম ও শক্তি যোগায়। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে ফেস্টিভাল সাফল্যমণ্ডিত হোক।”
ফেস্টিভালে থাকছে প্রোগ্রামিং কন্টেস্ট, আইডিয়া শেয়ারিং প্রেজেন্টেশন, অ্যাপস ও প্রোজেক্ট প্রেজেন্টেশন, টেকনিক্যাল ডিবেট (বিতর্ক), ফটোগ্রাফি এক্সিবিশন, গেমিং কন্টেস্ট, আইটি কুইজ প্রতিযোগিতা, দাবা, কার্ড খেলা সহ আরও নানা রকম ক্রিয়েটিভ ইভেন্ট ও বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যা শেষ হবে ২৮শে ফেব্রুয়ারি।
ফেস্টিভালের পরিচালনা কমিটির একজন চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৌরভ মল্লিক জানায়- “চেয়ারম্যান স্যারের সুদক্ষ পরিচালনায় ও বিভাগের সকল শিক্ষকদের পরামর্শে এবং শিক্ষক, শিক্ষার্থী , কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনে একটি সফল অনুষ্ঠান হতে চলেছে। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সবাই তাদের নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়।
আকরাম নয়ন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়























