নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ে বিকাল ৩টায় এ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মাননীয় চ্যান্সেলর মো: আবদুল হামিদ। স্বাগত বক্তব্য রাখেন নোবিপ্রবি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম অহিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা: দীপুমনি।
সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। সঞ্চালনা করেন নোবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুুল হক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আফসানা মৌসুমী।

এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সাংসদবৃন্দ, বঙ্গভবনের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারবৃন্দ, নোবিপ্রবি’র সাবেক উপাচার্য ও উপ-উপাচার্যবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড, সিনেট-সিন্ডিকেট সদস্যগণ, একাডেমিক কাউন্সিলের সদস্যগণ, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানগণ, নোবিপ্রবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ, দপ্তরপ্রধানবৃন্দ, নোয়াখালী জেলার জেলাপ্রশাসন ও পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, জেলার গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ, এবং সমাবর্তনে আগত ও স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থী ও গবেষকবৃন্দ, গণমাধ্যমকর্মী, নোবিপ্রবি পরিবারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউট এর সদস্যবৃন্দ।

সমাবর্তনে গ্র্যাজুয়েটদের ১০টি স্বর্ণপদক প্রদান করা হয়। এর মধ্যে স্নাতক পর্যায়ের ৬’জনকে চ্যান্সেলর গোল্ড মেডেল ও স্নাতকওোর পর্যায়ে ৪’জনকে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হয়। সমাবর্তনে সর্বাধিক ২২৬৩ জন গ্র্যাজুয়েটকে স্নাতক ডিগ্রি ও ৪৪৫ জনকে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। ২১৮ জনকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি প্রদান করা হয়।
নোবিপ্রবি প্রকৌশল ও প্রযুক্তি, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও মানবিক এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনগণ স্ব স্ব অনুষদভুক্ত বিষয়গুলো হতে উত্তীর্ণ গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদানের জন্য মাননীয় চ্যান্সেলরের নিকট পেশ করেন। নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন ‘ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’ হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ডিগ্রি প্রদানের জন্য মাননীয় চ্যান্সেলরের নিকট পেশ করেন। এরপর মাননীয় চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ডিগ্রি ঘোষণা করেন।

মহামান্য রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মহান মুক্তিসংগ্রাম ও গৌরবের ইতিহাস সম্পর্কিত বিষয়ে পাঠদানের লক্ষ্যে ‘বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়ার স্টাডিজ বিভাগ’ নামে একটি পূর্ণাঙ্গ বিভাগ চালুর বিষয়টি অত্যন্ত প্রশসংনীয়। মহান মুক্তিসংগ্রামের আত্মত্যাগ, অর্থনীতি, রাজনীতি, ইতিহাসকে বিবেচনায় নিয়ে সকল শিক্ষার্থীকে বাধ্যতামূলক ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শিরোনামে একটি কোর্স পড়ানো হয় জেনে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আনন্দিত ও গর্বিত।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























