পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পরিবহন সংকট সমাধানে শিক্ষার্থীদের জন্য আরও ছয়টি বাস ক্রয়ের উদ্যোগ নিয়েছে প্রশাসন। নতুন এই বাস ক্রয়ের প্রস্তুতি প্রায় শেষের দিকে জানান পাবিপ্রবির পরিবহন পুল প্রশাসক মোঃ রাশেদুল হক।

সাধারণ শিক্ষার্থীরা পরিবহন সংকট সমাধানের জন্য উপাচার্য বরাবর কয়েকবার স্মারকলিপি জমা দিয়েছে। পরিবহন সংকট সমাধানের দাবীতে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা আন্দোলনও করেছে।সরকারি ক্রয় নীতিমালা পিপিআর-৮ মেনেই যানবাহন ক্রয় করা হচ্ছে বলে  পাবিপ্রবি’র পরিবহন পুল প্রশাসক মোঃ রাশেদুল হক  জানান- “ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১টি নতুন ৫২ সিটের বাস নিটল টাটার কাছ থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্রয় করেছি। আরও ৬টি বড় বাস ক্রয়ের প্রস্তুতি প্রায় শেষ প্রান্তে।”এছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারকে প্রধান করে দুইজন বিশেষজ্ঞ সহ সাত সদস্যের একটি যানবাহন ক্রয় কমিটি রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. রোস্তম আলী বলেন- “এই বিশ্ববিদ্যালয়ে খুব অল্প সময় আমি যোগদান করেছি। এখানে পরিবহন সংকট দীর্ঘদিনের। আমি চেষ্টা করছি ছাত্র-ছাত্রীসহ সবার যাতায়াতের জন্য পরিবহন সংকট যেনো খুব দ্রুত সমাধান করা যায়। এ ব্যাপারে সবার সহযোগিতা চাই।”

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ২১টি বিভাগে প্রায় সাড়ে ৪ হাজার ছাত্র-ছাত্রীর যাতায়াতের জন্য ২টি ডাবল ডেকার সহ ৯টি বড় বাস রয়েছে। এর মধ্যে নতুন ১টি বাস সহ ৫টি বাস বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্রয়কৃত। ডাবল ডেকার (বিআরটিসি) ২টি ও বড় ২টি বাস ভাড়ায় চালিত। নতুন বাসগুলো পরিবহন পুলে যুক্ত হলে পরিবহন সংকট অনেকাংশেই কমে যাবে বলে আশা প্রকাশ করেন পরিবহন সংশ্লিষ্টরা।

আকরাম নয়ন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে