পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে বসন্ত বরণ উপলক্ষে শোভাযাত্রা, পিঠা ও ঘুড়ি উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ বাংলা ফাল্গুন মাসের পহেলা দিনে। পাবিপ্রবিতে প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে বসন্ত-বরণ ১৪২৫ উদযাপন করা হয়।

আজ বুধবার সকাল ৯.০টায় অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ। এরপর বর্ণিল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে ঘুড়ি উড়ানো হয়। বসন্ত-বরণ উপলক্ষে বাহারী রঙের স্টল দিয়ে সেখানে বিভিন্ন রকমের পিঠার আয়োজন করে বিভিন্ন বিভাগ ও বাংলাদেশ ছাত্রলীগ পাবিপ্রবি শাখা । এছাড়া কোনো কোনো স্টলে মেহেদি রাঙানোর কাজও চলে। এছাড়াও সকাল ১০টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে নাচ, বসন্তের গান, কৌতুক, রম্য বিতর্ক সহ নানা আয়োজনে বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বসন্তের সাজে ক্যাম্পাসে ঘোরাঘুরি করে।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন তাদের প্রতি অত্যন্ত আন্তরিক এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের পাশাপাশি সকল সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন দিবসগুলো উদযাপনের জন্য প্রসংশার দাবীদার। তারই ধারাবাহিকতায় এবারই প্রথম কেন্দ্রীয়ভাবে বসন্ত বরণের আয়োজন করেন।

বসন্ত-বরণ ১৪২৫ উদযাপন কমিটির আহ্বায়ক বাংলা বিভাগের সহকারি অধ্যাপক আশরাফুল ইসলাম সাংস্কৃতিক অনুষ্ঠানের পর সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তীতে এ ধরনের সকল অনুষ্ঠান উদযাপনের আশা প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানবৃন্দ ছাড়াও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
আকরাম নয়ন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়























