দেশে ফুলের বাজারের আকার ছাড়িয়েছে হাজার কোটি টাকা। প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা পেলে এ খাতে আরো অগ্রগতি হবে..বলছেন ব্যবসায়ীরা। ফুল ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগের সম্ভাবনা বাড়াতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক ফুল মেলা।

শুধু উপহার হিসেবে নয়, যে কোনো সামাজিক অনুষ্ঠানেই এখন বাড়ছে ফুলের কদর। অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে বাংলাদেশের ফুল। এ খাতের সম্ভাবনা জানাতে ও বিনিয়োগ আকৃষ্টের জন্য প্রথমবারের মতো আয়োজিত হয়েছে আন্তর্জাতিক ফুল মেলা। একই ছাদের নিচে দেশি-বিদেশি নানা জাতের ফুলের সমাহারে মুগ্ধ দর্শনার্থী। প্রদর্শনীতে দেশের ব্যবসায়ীরা ছাড়াও আছেন ভারত, চীন, নেপালসহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা। ফুল চাষের উপযোগী সার, বীজ ও প্রক্রিয়াজাতকরণের নানা বিষয়ে নিজেদের উদ্ভাবিত পণ্য প্রদর্শন করছেন তারা। এতে এ খাতের উন্নয়নের পাশাপাশি রপ্তানি সুযোগ বাড়বে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বসায়ীরা বলছেন, ফুল ব্যবসার প্রসারে আন্তর্জাতিক পর্যায়েও দেশের ব্র্যান্ড ইমেজ বাড়ছে। দ্রুত এ খাতের জন্য নীতিমালা প্রণয়নের তাগিদও তাদের। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই মেলা চলবে শনিবার পর্যন্ত।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














