বান্দরবানে বিভিন্ন ঝিড়ি ঝর্ণা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পরিবেশ বান্ধব সচেতন নাগরিক সমাজ ব্যানারে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । এসময় মানববন্ধনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ অংশ নেয় ।
মানববন্ধনে বক্তারা বলেন ,বান্দরবানের বিভিন্ন উপজেলায় কতিপয় অসাধু চক্র বিভিন্ন ঝিড়ি-ঝর্না ও নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন শুরু করেছে। অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে বান্দরবানের বিভিন্ন স্থানে পানি শুণ্যতা দেখা দিয়েছে। এসময় বক্তারা আরো বলেন, দিন দিন এইভাবে পাথর উত্তোলন হতে থাকলে বান্দরবানের জৈব বৈচিত্র হুমকির মুখে পড়বে। মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে বান্দরবানের বিভিন্ন স্থানে অবৈধভাবে পাথর উত্তোলন অবিলম্বে বন্ধের দাবি জানান এবং অবৈধ পাথর উত্তোলনকারী ব্যবসায়ীদের কঠিন শাস্তি প্রদানের দাবি জানান।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী জন ত্রিপুরা,পাহাড়ী ছাত্র পরিষদের সদস্য থোয়াইকো জাই চাক,মার্মা স্টুডেন্ট কাউন্সিলের সদস্য উথৈায়ইনু মার্মাসহ বিভিন্ন ছাত্র সমাজের প্রতিনিধিরা।মানববন্ধন শেষে বক্তারা একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে যায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো:শফিউল আলমকে একটি স্মারকলিপিও প্রদান করে।
রিমন পালিত,
বান্দরবান নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














