রাজধানীর গাবতলী হচ্ছে ফুলের স্থায়ী পাইকারি বাজার। কৃষি বিপণন অধিদপ্তরের মতে, আধুনিক ফুল বিপণন কেন্দ্র হলে বাজার যেমন বাড়বে তেমনি ন্যায্য দাম পাবে চাষিরা। ভালোভাবে প্রক্রিয়াজাত করা গেলে রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করেন ফুল ব্যবসায়ীরা।

ফুলের সম্ভাবনা বিবেচনায় গাবতলীতে পাইকারি বাজার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ৫০ কোটি টাকা ব্যয়ে প্রায় দেড় একর জমিতে হবে শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক বহুতল ভবন। পাশাপাশি থাকবে প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং বিষয়ে প্রশিক্ষণের সুযোগ।
দিন দিন বড় হচ্ছে দেশের ফুলের বাজার। কেবল উৎসব নয়, বছরজুড়েই চলে বেচাকেনা। রাজধানীতে ফুলের ব্যবসা মূলত শাহবাগ ও আগারগাঁও কেন্দ্রিক। তবে, আধুনিক সুযোগ-সুবিধা গড়ে ওঠেনি এসব জায়গায়।পাইকারি বাজারটি চালু হলে ফুলের বাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা ব্যবসায়ীদের। সঠিক পরিকল্পনা নেয়া হলে রপ্তানি করা সম্ভব বলেও মনে করেন তারা। কৃষি বিপণন অধিদফতরের তথ্য মতে, দেশের ২৪ জেলায় প্রায় ১২ হাজার একর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে। বছরে উৎপাদন হচ্ছে প্রায় ৮৫০ কোটি টাকার ফুল।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














