শহিদুল ইসলাম দইচ যশোরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে যশোর ও নড়াইলে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা। যেকোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাবের বিশেষ টহল ও গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে।
আজ বুধবার র‍্যাব-৬ যশোর ক্যাম্পের এক সংবাদ সম্মেলনে ক্যাম্পের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স এসব তথ্য জানান। যশোর জিলা স্কুল প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, র‍্যাব-৬ এর আওতাধীন যশোর ও নড়াইল জেলার ৮টি সংসদীয় আসনের নির্বাচনী এলাকায় অফিসারসহ ১৬টি টহল দল এবং গোয়েন্দা ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ নিরাপত্তা টহল আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্য, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সাথে সমন্বয় করে নিয়মিত যৌথ টহল পরিচালনা করা হচ্ছে।
মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স আরও জানান, নির্বাচনী এলাকার ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে যশোর ক্যাম্পের ১২টি এবং নড়াইল ক্যাম্পের ৪টি টহল দল সমগ্র এলাকায় কাজ করছে। জনসাধারণকে জড়তা ও ভীতিমুক্ত হয়ে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।
নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা বা উশৃঙ্খল কার্যকলাপ প্রতিহত করতে র‍্যাব সতর্ক অবস্থানে রয়েছে। সন্দেহভাজন কোনো ব্যক্তি বা কর্মকাণ্ড দেখলে তাৎক্ষণিক র‍্যাব বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে র‍্যাব-৬ ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে