রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়মবহির্ভূতভাবে অ্যাডহক ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হচ্ছে এমন অভিযোগকে ‘সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন মজুমদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গতকাল সোমবার শেষ সিন্ডিকেট সভা ঘিরে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়। সকাল থেকে শুরু করে দিনভর ক্যাম্পাসে চাকরির জন্য অবস্থান নেয় ‘জুলাই চেতনা বাস্তবায়ন কমিটি’ নামের একটি প্ল্যাটফর্মের ৬০-৭০ সদস্য। তাঁরা ওই সিন্ডিকেটে জুলাইযোদ্ধা হিসেবে তাঁদের নিয়োগের দাবি করেছেন। এ জন্য তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাতের জন্য ‘জোরপূর্বক’ উপাচার্যের অফিসকক্ষে প্রবেশ করে অবস্থান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান গিয়ে তাঁদের সেখান থেকে বের করে দেন।বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে গতকাল দুপুরে নিয়মবহির্ভূতভাবে বিপুলসংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বন্ধে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে চিঠি দেয় বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ ও ইউট্যাব। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় উপাচার্যের বাসভবনে সিন্ডিকেট সভা বসে, যা চলে মধ্যরাত পর্যন্ত।

জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় কর্মকর্তা বা কর্মচারী নিয়োগের কোনো উদ্যোগ বা পরিকল্পনা ছিল না। সভার আলোচ্যসূচিতেও এ ধরনের কোনো বিষয় ছিল না। বিশ্ববিদ্যালয়ে নিয়োগের প্রয়োজন হলে তা বিদ্যমান বিধি-বিধান অনুসারেই করা হয়ে থাকে। কর্তৃপক্ষের ভাষ্য, বিপুল সংখ্যক নিয়োগের তথাকথিত সংবাদটি দূরভিসন্ধিমূলক এবং মহলবিশেষের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির অপপ্রয়াস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে সুষ্ঠু পরিবেশ বজায় আছে এবং ক্লাস-পরীক্ষা নিয়মিত চলছে। এ সময়ে মনগড়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা কাম্য নয়। যদি কোনো বিষয়ে জানার থাকে তবে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যেতে পারে। সেই সঙ্গে এ ধরনের ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা জানিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

ঐশ্বর্য বিশ্বাস
রাজশাহী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে