উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন মুখ। কক্সবাজারের সিভিল সার্জন জানিয়েছেন, প্রতি মাসে জন্ম নিচ্ছে আড়াই থেকে তিন হাজার রোহিঙ্গা শিশু। বেসরকারি হিসাবে ক্যাম্পগুলোতে এখন গর্ভবতী নারীর সংখ্যা ৩০ হাজারের বেশি।
গত বছরের আগস্টে রাখাইনে সহিংসতা শুরুর পর এ পর্যন্ত কক্সবাজারে আশ্রয় নিয়েছে ৭ লাখের বেশি রোহিঙ্গা। কয় মাস আগেও বাংলাদেশের দিকে রোহিঙ্গাদের যে ঢল ছিল এখন তা নেই। তবে ক্যাম্পের ভেতরেই বাড়ছে জনসংখ্যা।
জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপির তথ্য সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নিয়েছে ১৬ হাজার শিশু। আর বর্তমানে সন্তান জন্ম দেয়ার অপেক্ষায় অন্তত ৩০ হাজার নারী। গর্ভবতী নারী ও নবজাতকদের সেবা দেয়ার জন্য ক্যাম্পে কাজ করছে ভিন্ন সংস্থা।
ক্যাম্পের বিদ্যমান পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে প্রসূতি ও নবজাতক। রোহিঙ্গা ক্যাম্পে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি সব ক্ষেত্রেই চ্যালেঞ্জ বাড়াচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ন্যাশনাল ডেস্ক, বিডি টাইম্স নিউজ





























