জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণির এক স্কুলছাত্রী। শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে বিয়ে বাড়িতে বর আসার আগেই ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হালিমা খাতুন উপজেলার ফান্দাউক ইউনিয়নের সওদাগর গ্রামের ওই ছাত্রীর বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর সঙ্গে হবিগঞ্জ জেলার দুবাই প্রবাসী এক যুবকের দুপুরে বিয়ে হওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও হালিমা খাতুন বিয়ে বাড়িতে উপস্থিত হন। পরে তিনি ওই ছাত্রীর জন্ম নিবন্ধন যাচাই-বাছাই করে দেখতে পান সে অপ্রাপ্ত বয়স্ক। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছাত্রীর বাবাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ও প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেন।

ইউএনও হালিমা খাতুন জানান, বাল্যবিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে